পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদকসেবী ও এক মাদক বিক্রেতাকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) চাটমোহর পৌরসদর ও বিলচলন ইউনিয়নের বোথর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চাটমোহর উপজেলার বোথর দক্ষিণপাড়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে আশরাফুল (২৭), কুমারগাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আল আমিন ইসলাম (৩০) এবং বোথর গ্রামের নূর মোহাম্মদের ছেলে রুবেল হোসেন (৩২)। মাদক সেবনের দায়ে তাঁদের আটক করা হয়।
অন্যদিকে পৌরসভার কাজীপাড়া মহল্লার এস এম মোজাহারুল হকের ছেলে এবিএম কামরুজ্জামান ফারুককে (৪২) মাদকদ্রব্যসহ আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
পরে আটক তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত আশরাফুলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। অন্যদিকে আল আমিন ইসলাম ও রুবেল হোসেনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
এদিকে মাদকদ্রব্যসহ আটক ফারুকের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।
চাটমোহর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
kalprakash.com/IM