যশোরের মণিরামপুরে মাদকবিরোধী অভিযানে ১০ গ্রাম গাঁজাসহ দেবাশীষ গাইন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার কুলটিয়া ইউনিয়নের লখাইডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত দেবাশীষ গাইন ওই গ্রামের মৃত সুশান্ত গাইনের ছেলে।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাস জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে লখাইডাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দেবাশীষ গাইনকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরে শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
আদালতের রায়ের পর দণ্ডপ্রাপ্ত দেবাশীষ গাইনকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
kalprakash.com/IM