রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম আগামীকাল শুক্রবার (২ অক্টোবর) দেশে আসছে। একটি দেশের আকাশসীমা ব্যবহারে আপত্তির কারণে জ্বালানি পরিবহনে কিছুটা বিলম্ব হলেও শেষ পর্যন্ত জটিলতা কাটিয়ে তা দেশে পৌঁছাচ্ছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে রাশিয়া থেকে সরাসরি বিশেষ কার্গো উড়োজাহাজে শুক্রবার দুপুরের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরেনিয়াম পৌঁছাবে। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ ব্যবস্থায় তা পাবনার ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের সাইটে নেওয়া হবে।
দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম পরিবহন কার্যক্রম ডিসেম্বর পর্যন্ত চলবে। এ ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি—সব মিলিয়ে নয়টি কার্গো ফ্লাইটে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার ইউরেনিয়াম আসার কথা থাকলেও পরে সময়সূচি এক দিন পিছিয়ে শুক্রবার নির্ধারণ করা হয়।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম এক বিবৃতিতে জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ ২০২৬ সালের অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বরের মধ্যে শেষ হবে। প্রকল্পের চুক্তি ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী কয়েকটি ফ্লাইটে এ জ্বালানি পরিবহন করা হবে।
পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার অর্থনৈতিক ও কারিগরি সহায়তা এবং সার্বিক তত্ত্বাবধানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমোস্ট্রয়।
সূত্র: বাংলানিউজ
kalprakash.com/IM