রংপুরের মিঠাপুকুরে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সংখ্যালঘু হিন্দু পরিবারের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য শ্রী বীরেন্দ্র নাথ বর্মন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১৫ নম্বর বড় হযরতপুর ইউনিয়নের হাসনের পাড়া এলাকার বাসিন্দা বীরেন্দ্র নাথ বর্মনের পরিবারের সঙ্গে একই এলাকার আকমাল হোসেন গংয়ের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, তাঁর পিতা রূপ নারায়ণ বর্মনের নামে ১৯৫৩ ও ১৯৫৬ সালে ক্রয়সূত্রে জমির মালিকানা অর্জিত হয়, যা ভোগদখলে ছিল এবং এসএ রেকর্ডভুক্ত হয়। পিতার মৃত্যুর পর ওয়ারিশসূত্রে ওই জমি ভোগদখলে রয়েছেন বীরেন্দ্র নাথ বর্মন। জমিটি আরএস রেকর্ডভুক্ত হয়ে বৈধভাবে তাঁদের ভোগদখলে ছিল বলেও তিনি দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, জমি নিয়ে বিরোধের জেরে বিবাদীরা বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে আসছেন। জমির দখল নিতে মিথ্যা মামলা ও নানা ধরনের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি। এ বিষয়ে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও বিবাদীরা আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে পূর্বপরিকল্পিতভাবে আকমাল গংয়ের কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অভিযোগকারীর বাড়িতে প্রবেশ করেন। তাঁরা পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধরের চেষ্টা করেন। এ সময় তাঁদের জমি থেকে উচ্ছেদ, প্রাণনাশের এবং বাংলাদেশে থাকতে না দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, বিবাদীরা তাঁদের জমি জবরদখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে নানাভাবে হয়রানি করে আসছেন। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মিঠাপুকুর থানার ওসির কাছে আবেদন জানিয়েছেন শ্রী বীরেন্দ্র নাথ বর্মন।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি মো. রুহুল আমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগের সত্যতা যাচাই ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
kalprakash.com/IM