চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফেরদৌসী খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৪টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ফেরদৌসী খাতুন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা-চাঁন্দলাই মহল্লার আরিফুল ইসলামের স্ত্রী।
ডা. মাহবুব হাসান বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফেরদৌসী। সেখানে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা চলছিল। রাতে তাঁর অবস্থার অবনতি হয় এবং ভোর ৪টার দিকে তিনি মারা যান।
এদিকে হাসপাতাল থেকে জানানো হয়েছে, বুধবার ১০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এঁদের মধ্যে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন। বাকিরা আগে থেকেই ভর্তি ছিলেন। এ বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত শুধু জেলা হাসপাতালেই ১ হাজার ৬২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
kalprakash.com/IM