সাধারণ মানুষ ভূমি অফিসে গিয়ে আসলে কেমন সেবা পাচ্ছেন, তা সরেজমিনে জানতে ভিন্ন কৌশল নিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। পরিচয় গোপন রেখে বোরকা পরে সাধারণ সেবাগ্রহীতার বেশে উত্তর খান ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে সেবার কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অন্যান্য দিনের মতোই ভূমি অফিসে সেবাগ্রহীতাদের ভিড়। কেউ জমির নামজারিসংক্রান্ত কাজে এসেছেন, আবার কেউ নিজের আবেদনের অগ্রগতি জানতে অপেক্ষা করছেন। তাঁদেরই একজনের মতো করে অফিসে প্রবেশ করেন জেলা প্রশাসক ফরিদা খানম।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরেজমিনে গিয়ে সাধারণ মানুষকে ভূমিসেবা নিতে কোনো ধরনের বিলম্ব, হয়রানি, অনিয়ম কিংবা অপ্রয়োজনীয় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে কি না, সেটিই মূলত পর্যবেক্ষণ করেন তিনি।
শুধু সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেই থেমে থাকেননি ডিসি। একজন সাধারণ নাগরিকের মতো পুরো সেবা গ্রহণের প্রক্রিয়াটিও কাছ থেকে দেখেন। একই সঙ্গে কর্মকর্তারা সেবাগ্রহীতাদের সঙ্গে কীভাবে আচরণ করছেন এবং নির্ধারিত প্রক্রিয়ায় সেবা পাওয়া কতটা সহজ, এসব বিষয়ও পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাধারণ মানুষকে দ্রুত ও সহজে ভূমিসেবা দেওয়ার নির্দেশনা দেন ফরিদা খানম। সেবা নিতে এসে কোনো নাগরিক যাতে অপ্রয়োজনীয় ভোগান্তি বা হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তাদের ভাষ্য, শুধু অফিসে বসে প্রতিবেদন কিংবা অভিযোগের ওপর নির্ভর না করে মাঠপর্যায়ে গিয়ে নাগরিকদের অভিজ্ঞতা সরাসরি জানলে সরকারি সেবার বাস্তব চিত্র আরও স্পষ্টভাবে বোঝা যায়। ডিসি ফরিদার এমন সরেজমিন কার্যক্রমের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছেন তিনি।
kalprakash.com/IM