চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল এবং জেলাজুড়ে ইজিবাইক চলাচলে জেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করার কারণে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে এ ধর্মঘট পালন করছে।
চুয়াডাঙ্গা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, সোমবার জেলার অভ্যন্তরীণ সব রুটে এবং মঙ্গলবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে এ ধর্মঘট অব্যাহত থাকবে।
তিনি জানান, দীর্ঘদিন ধরে সরকারি নির্দেশনা উপেক্ষা করে মহাসড়কে ইজিবাইক, নসিমন, করিমনসহ সব ধরনের ভটভটি চলাচল করে আসছে। এ নিয়ে প্রায়ই বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে বিরোধে জড়ান অবৈধ এসব যানবাহনের শ্রমিকেরা।
সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণে উপজেলা ও পৌর এলাকার জন্য ভিন্ন ভিন্ন রঙের ইজিবাইক পরিচালনার ঘোষণা দেয়। ইজিবাইক মালিক ও চালকেরা এ নির্দেশনা উপেক্ষা করে যত্রতত্র ইজিবাইক পরিচালনা করে আসছেন। তা ছাড়া অন্যান্য অবৈধ যানবাহনও আগের মতোই মহাসড়কে নির্বিঘ্নে চলাচল করছে।
এদিকে ইজিবাইক চালক ও মালিকেরা রোববার দামুড়হুদা এলাকায় বাস চলাচলে বাধা সৃষ্টি করেন। এতে বাস শ্রমিকেরা সোমবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেন।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ সোমবার দুপুরে আলোচনায় বসে। আলোচনা শেষে সোমবার জেলার অভ্যন্তরীণ সব রুটে এবং মঙ্গলবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
kalprakash.com/IM