পাওনা টাকা আদায়ে গিয়ে নরসিংদী থেকে মো. নুরুজ্জামান (৩৯) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ থেকে নিজের পাওনা সাড়ে ৩ লাখ টাকা আদায়ে নরসিংদীর ব্রাহ্মণদীতে যান তিনি। এরপর থেকেই তার কোনো খোঁজ নেই বলে জানিয়েছে পরিবার।
মো. নুরুজ্জামান (৩৯) নারায়ণগঞ্জের বন্দরের চৌরাপাড়া সৈম বাড়িয়া বাজার এলাকার ২৫নং ওয়ার্ডের মো. শহীদ মিয়ার ছেলে।
তার বাবা শহীদ মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩ মিনিটে সাড়ে তিন লাখ টাকা ফেরত পেয়েছেন বলে মো. নুরুজ্জামান তার বন্ধু বাপ্পিকে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
সন্তানের খোঁজ না পেয়ে ইতিমধ্যে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৫২৪) করেছেন ভুক্তভোগী পরিবার। তাদের অভিযোগ, নরসিংদী থেকে নিখোঁজ হলেও সেখানকার সদর থানা কোনো অভিযোগ নেয়নি। তাই বাধ্য হয়েই নারায়ণগঞ্জের বন্দর থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করেছে পরিবারটি।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, যেহেতু ঘটনাস্থল নরসিংদী, তাই সেখানকার থানাই এই বিষয়ে তদন্ত করবে।
এ বিষয়ে নরসিংদী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন বলেন, এ বিষয়ে বন্দর থানা থেকে তাদের কাছে কেউ যোগাযোগ করেননি। তারা যোগাযোগ করলে নরসিংদী থানা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।
উল্লেখ্য, নিখোঁজ নুরুজ্জামান জেনারেটরের ব্যবসা করতেন। সেই ব্যবসার পাওনা টাকা নিতে গিয়েই নিখোঁজ হয়েছেন তিনি। এ সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি।
kalprakash.com/IM