পুরোনো চুক্তি নবায়ন নয়, ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে দেশের স্বার্থ সুরক্ষার পাশাপাশি পানিপ্রবাহ নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ রাখার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। কিন্তু শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে দেশের নদীগুলো নানা সংকটের মুখে পড়ছে। নদী দূষণের প্রকৃত কারণ চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর বুড়িগঙ্গা নদীর প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, নদীটি এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। নদী রক্ষায় দূষণের উৎস চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার বর্জ্যপানি তৈরি হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্যপানি সরাসরি নদীতে গিয়ে পড়ে।
এভাবে বিপুল পরিমাণ বর্জ্য নদীতে পড়ায় পরিবেশের পাশাপাশি অর্থনীতিতেও বড় ক্ষতি হচ্ছে। অনুষ্ঠানে জানানো হয়, নদী দূষণের কারণে বাংলাদেশকে বছরে বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে।
kalprakash.com/IM