সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জাতীয় বেতনস্কেল, ২০২৬ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন বেতন কাঠামোর পাশাপাশি সরকারি চাকরিজীবীদের অনলাইনে বেতন নির্ধারণের পদ্ধতিও এতে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় বেতনস্কেল, ২০২৬ জারির পর সরকারি কর্মচারীদের অনলাইনে বেতন নির্ধারণ করতে হবে আইবাস++ (iBAS++) সিস্টেমের মাধ্যমে। এ জন্য www.ibas.finance.gov.bd ওয়েবসাইটে লগইন করে পে ফিক্সেশন (Pay Fixation) অপশনে গিয়ে নির্ধারিত ছক পূরণ করতে হবে। আগের www.payfixation.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করলেও কর্মচারী স্বয়ংক্রিয়ভাবে আইবাস++-এর পে ফিক্সেশন অপশনে চলে যাবেন।
যেভাবে আইবাস++-এ প্রবেশ করবেন
গেজেটেড সরকারি কর্মচারীরা আইবাস++-এর লগইন ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করবেন। অন্যদিকে নন-গেজেটেড কর্মচারীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করতে হবে।
লগইনের সময় আইবাস++-এ নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড বা ওটিপি (OTP) ব্যবহার করতে হবে। বিদেশে অবস্থানরত কর্মচারীদের ক্ষেত্রে নিবন্ধিত ই-মেইলে ওটিপি পাঠানো হবে।
কোনো কর্মচারীর এনআইডি না থাকলে বেতন নির্ধারণের আগে এনআইডির জন্য নিবন্ধন করতে হবে। আবার এনআইডিতে থাকা জন্মতারিখ চাকরির রেকর্ডের জন্মতারিখের সঙ্গে না মিললে বেতন নির্ধারণের আগে চাকরির রেকর্ড অনুযায়ী এনআইডির তথ্য সংশোধন করতে হবে।
নতুন বেতন কত হবে, তা দেখাবে সিস্টেমেই
আইবাস++-এ লগইন করে নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারের (ডিডিও) কাছে সাবমিট করতে হবে। তথ্য সঠিকভাবে পূরণ করার পর ডিডিওর কাছে পাঠানোর আগেই সিস্টেমে সংশ্লিষ্ট কর্মচারীর নতুন বেতনস্কেলে নির্ধারণযোগ্য মূল বেতনের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। বেতন নির্ধারণী বিবরণী সাবমিট করার পর কর্মচারীর নিবন্ধিত মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস পাঠানো হবে।
এরপর যাচাই করবেন ডিডিও ও হিসাবরক্ষণ অফিস
গেজেটেড কর্মচারীদের বেতন নির্ধারণী বিবরণী ডিডিও যাচাই করে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে পাঠাবেন। নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস বহি অনুযায়ী আগের চাকরি ও বেতনের তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ করার বিষয়টি নিশ্চিত করে ডিডিও তা হিসাবরক্ষণ অফিসে ফরওয়ার্ড করবেন। ডিডিও আইবাস++ থেকে বেতন নির্ধারণী বিবরণীর একটি কপি প্রিন্ট করে সার্ভিস বহিসহ হিসাবরক্ষণ অফিসে পাঠাবেন।
হিসাবরক্ষণ অফিসে অনলাইনে দাখিল করা বেতন নির্ধারণী বিবরণী তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য যাচাই করে সঠিক মনে হলে অনলাইনেই তা প্রতিপাদন করবেন। অনুমোদনের পর স্বয়ংক্রিয়ভাবে একটি ভেরিফিকেশন নম্বর তৈরি হবে। এ ক্ষেত্রে বেতন নির্ধারণী বিবরণীতে হিসাবরক্ষণ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ম্যানুয়াল স্বাক্ষরের প্রয়োজন হবে না।
তবে অনুমোদনের সময় ডিডিওর এন্ট্রি যাচাই করে সার্ভিস বহিতে ভেরিফিকেশন নম্বর ও নির্ধারিত বেতন লিপিবদ্ধ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে স্বাক্ষর করতে হবে। গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে নির্ধারিত বেতন ও ভেরিফিকেশন নম্বর অডিট রেজিস্টারের মানি-কলামেও লিপিবদ্ধ করা হবে।
কোথায় পাওয়া যাবে নির্দেশিকা
অনলাইনে বেতন নির্ধারণের বিস্তারিত ব্যবহার নির্দেশিকা আইবাস++ লগইন পেজ, অর্থ বিভাগের ওয়েবসাইট, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের (সিজিএ) ওয়েবসাইট এবং পে ফিক্সেশন ওয়েবসাইটে পাওয়া যাবে।
চূড়ান্তভাবে প্রতিপাদন করা বেতন নির্ধারণী বিবরণীর ভিত্তিতেই সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস বেতন পরিশোধ করবে। এ প্রক্রিয়ায় কোনো কর্মচারীকে কম বা বেশি বেতন পরিশোধ করা হলে পরবর্তী সময়ে তা সমন্বয় করা যাবে। অর্থ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত মূল প্রজ্ঞাপন ও নির্দেশিকা অনুসরণ করে কর্মচারীরা বেতন নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
kalprakash.com/IM