চলতি বছরের ১৫ আগস্ট থেকে অবসর সুবিধার টাকা পাঠানো হলেও এখনো যারা তা পাননি, সেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে বলা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, যেসব অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এখনো অবসর সুবিধার টাকা পাননি, তাদের আবেদন রিসিটের কপি, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বর এবং হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট পাঠাতে হবে।
এ ছাড়া মৃত্যুজনিত আবেদনের ক্ষেত্রে অনলাইন মৃত্যু সনদ, ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ক্ষমতা হস্তান্তরপত্র, ওয়ারিশ সনদ, নমিনির ব্যাংক হিসাব সচল করে হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট, নমিনির এনআইডি এবং নমিনির নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বর পাঠাতে হবে।
নোটিশে আরও বলা হয়েছে, শিক্ষকদের এসব কাগজপত্রের সঙ্গে ইনডেক্স নম্বর, আবেদনের আইডি নম্বর ও জমাদানের তারিখ উল্লেখ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে, কুরিয়ারে অথবা ই-মেইলের মাধ্যমে পাঠানো যাবে। কাগজপত্র পাঠানোর ঠিকানা—বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড, ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, লেভেল-১৩, প্রবাসী কল্যাণ ভবন, রমনা, ঢাকা-১০০০।
বোর্ডের স্কুল শাখার সংযুক্ত কর্মকর্তা মনির উদ্দিন ইউছুফের ই-মেইল school.terbb@gmail.com এবং মোবাইল নম্বর ০১৮৩৭-৬২১৪৬২। কলেজ ও কারিগরি শাখার সংযুক্ত কর্মকর্তা মো. জোবায়ের খাঁনের ই-মেইল college.terbb@gmail.com এবং মোবাইল নম্বর ০১৯১৮-১৫২৫২৩। মাদ্রাসা শাখার সংযুক্ত কর্মকর্তা ড. মো. আব্দুস সালামের ই-মেইল madrasha.terbb@gmail.com এবং মোবাইল নম্বর ০১৯০৮-৩১৬৭৭৭।
এ ছাড়া প্রান্তিক অঞ্চল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সশরীরে বোর্ডে আসার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে দালাল ও প্রতারকের খপ্পর থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বোর্ড।
বোর্ড জানিয়েছে, নির্ধারিত ব্যাংক হিসাবে আইবাস ডাবল প্লাস অথবা ইএফটির মাধ্যমে অবসর সুবিধার টাকা পৌঁছে যাবে।
kalprakash.com/IM