রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ মিয়া অনিকের বিরুদ্ধে শিবিরের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল। ওই শিক্ষার্থীকে শিবিরের দায়িত্বশীল বলেও দাবি করেছে সংগঠনটি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন হল ছাত্রদলের নেতারা।
শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ফুয়াদ বলেন, ওই শিক্ষার্থী তাকে একাধিকবার ফোন করে তার কক্ষে গিয়েছিলেন। কক্ষে প্রবেশের পর তিনি খাতা-কলম নিয়ে লিখতে শুরু করেন, তিনি মন থেকে ছাত্রদল করতে চান। পরে সেখানে স্বাক্ষরও করেন।
মেহেদী হাসান ফুয়াদ আরও বলেন, তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অসঙ্গতিপূর্ণ উত্তর দেন। পরবর্তীতে ওই শিক্ষার্থী নিজ ইচ্ছায় তার হাতে মোবাইল ফোন তুলে দেন। পরে শহীদ শামসুজ্জোহা হল সংসদের সহসভাপতির (ভিপি) সঙ্গে তার কথোপকথনের মেসেজ সামনে আসে।
তিনি দাবি করেন, ওই শিক্ষার্থীকে কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়নি। তবে সকালে উঠে তিনি মিথ্যাচার শুরু করেছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
জোহা হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ও প্রাণরসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সবুজ শাহরিয়ার বলেন, ওই শিক্ষার্থী নিজেই স্বীকার করেছিলেন যে, তিনি শিবিরের হয়ে গুপ্তচরবৃত্তির জন্য এসেছিলেন। পরে সকালে তিনি মারধর ও নির্যাতনের অভিযোগ করেন। তবে তার দাবি, ওই শিক্ষার্থী রাতেই হল প্রভোস্টের সামনে স্বীকার করেছিলেন যে তাকে কোনোভাবেই লাঞ্ছিত করা হয়নি।
সবুজ শাহরিয়ার বলেন, সকালে তার বক্তব্যের পরিবর্তন কেন হলো, এর পেছনে কে বা কারা রয়েছে—তা খুঁজে বের করা প্রয়োজন। সংশ্লিষ্টদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ৩টার দিকে শহীদ শামসুজ্জোহা হলের ভেতরে শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ওই শিক্ষার্থীকে ছাত্রদলের নেতাকর্মীরা মারধর ও নির্যাতন করেছেন বলে অভিযোগ ওঠে।
kalprakash.com/IM