রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের নতুন চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু)-কে শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা স্মারক প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি। এ সময় জেলার উন্নয়ন কর্মকাণ্ডে কোনো জনগোষ্ঠীর প্রতি বৈষম্য করা হবে না বলে আশ্বাস দিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান।
১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এ সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে চেয়ারম্যান দীপন তালুকদার বলেন, রাঙামাটি জেলার প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের বৈষম্য বরদাশত করা হবে না। পার্বত্য অঞ্চলের সব জনগোষ্ঠীর টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়েই নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ কাজ করবে। সরকার ও জেলা পরিষদের ওপর সাধারণ মানুষ পূর্ণ আস্থা রাখতে পারেন।
তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে রাঙামাটির বহু স্বনামধন্য প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। উদাহরণ টেনে তিনি বলেন, বিসিক কুটির শিল্পে একসময় ৮৫ জন জনবল থাকলেও বর্তমানে তা কমে মাত্র ১৬ জনে নেমে এসেছে। জেলা পরিষদে হস্তান্তরিত বিভিন্ন বিভাগকে পর্যায়ক্রমে আরও গতিশীল ও কার্যকর করে জেলার উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়া হবে। অন্যান্য জনগোষ্ঠীর মতো বড়ুয়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়নেও জেলা পরিষদ আন্তরিকভাবে সচেষ্ট থাকবে।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মুখপাত্র নির্মল বড়ুয়া মিলন বড়ুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যানকে অভিনন্দন জানান। তিনি সব জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিতের পাশাপাশি বড়ুয়া সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯-এর আওতায় জেলার অন্যান্য জনগোষ্ঠীর ন্যায় বড়ুয়া জনগোষ্ঠীর নামও তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি তুলে ধরে চেয়ারম্যানের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অজিতানন্দ মহাথেরো, উপদেষ্টা সমরজিত বড়ুয়া, কেন্দ্রীয় নেতা অরবিন্দ্র বড়ুয়া, রাঙামাটি জেলা কমিটির সহসভাপতি উদয়ন বড়ুয়া ও নয়ন বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, অর্থ সম্পাদক ডা. প্রকাশ চৌধুরী বড়ুয়া, রাঙামাটি পৌর কমিটির সভাপতি শিপু রঞ্জন বড়ুয়া ও সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পরে শহরের আসামবস্তি এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২০ আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দীপন তালুকদারকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে। পুনর্গঠিত পরিষদের অন্য সদস্যরা হলেন—শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মারমা, পাইচিং মং মারমা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মণ, মোহাম্মদ মামুনুর রশিদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ ও চন্দ্রা চাকমা।
kalprakash.com/IM