নওগাঁ শহরে নির্মাণসামগ্রী রাস্তায় ফেলে রাখা, যথাযথভাবে ঢেকে না রাখা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় নির্মাণাধীন দুটি ভবনের কর্তৃপক্ষকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার বিকেল ৫টার দিকে নওগাঁ সদর উপজেলার উকিলপাড়া এলাকায় (কাজীর মোড় থেকে ডিবি অফিস সড়ক) এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নির্মাণাধীন দুটি ভবনের কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ২৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
অভিযানকালে দেখা যায়, নির্মাণাধীন ভবনগুলোর ইট ও বালুসহ বিভিন্ন সামগ্রী সড়কের পাশে অরক্ষিত অবস্থায় রাখা হয়েছে। এগুলো ঢেকে না রাখায় চারদিকে ধুলাবালি ছড়িয়ে বায়ুদূষণের সৃষ্টি হচ্ছিল। পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় আশপাশের অন্যান্য নির্মাণাধীন ভবনের মালিকদেরও নির্মাণসামগ্রী যথাযথভাবে ঢেকে রাখা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে উপস্থিত সাধারণ মানুষকে বায়ুদূষণ রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি দল।
পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ দূষণ প্রতিরোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
kalprakash.com/IM