পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে গৃহীত সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের উদ্যোগে শুরু হয়েছে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ কার্যক্রম।
১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার রাঙামাটি সদর জোনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. জুলফিকার রহমান, পিএসসি।
পার্বত্য এলাকার তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং তাদের শিক্ষা, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠীর পাশাপাশি বাঙালি তরুণ-তরুণীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। মোট ২০ জন তরুণ-তরুণী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণার্থীদের কম্পিউটারের মৌলিক ব্যবহার, প্রয়োজনীয় সফটওয়্যার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার, তথ্য অনুসন্ধান এবং দৈনন্দিন জীবনে প্রযুক্তির কার্যকর প্রয়োগের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. জুলফিকার রহমান বলেন, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ টেকসই উন্নয়নের মূল ভিত্তি। তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমেই আত্মনির্ভরশীল ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, পাহাড়ি ও বাঙালি তরুণদের যৌথ অংশগ্রহণে এ ধরনের প্রশিক্ষণ পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের তরুণদের আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি ও সার্বিক আর্থ-সামাজিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
kalprakash.com/IM