জননিরাপত্তা জোরদার ও জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জদের অংশগ্রহণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের নির্দেশনায় ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১১টায় নগরীর লালদীঘিস্থিত পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী।
সভায় পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদান বৃদ্ধি, দায়িত্ব পালনে সমন্বয় আরও জোরদার এবং সমন্বিত পুলিশিং ব্যবস্থার মাধ্যমে জননিরাপত্তা ও জনসেবার মান উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পারস্পরিক পেশাদারিত্ব ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ৯ এপিবিএন চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ এবং চট্টগ্রাম র্যাব-৭-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।
এছাড়াও সভায় সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চট্টগ্রাম জেলা পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, পিবিআই, সিআইডি, হাইওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM