ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় ভারতের সংশ্লিষ্ট সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগের পাশাপাশি পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টা ১০ মিনিটে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন দেশি-বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, গত ১২ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা এলাকায় একদল বাংলাদেশির ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ সময় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভারতের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম আসাদুল হক (৩৮)। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে।
বিজিবির প্রাথমিক তথ্যের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত আসাদুল হকের বিরুদ্ধে মাদক ও মানবপাচারসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তবে এসব অভিযোগ ও মামলার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনার পরপরই দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ভারতের ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেয়। ঘটনার বিস্তারিত জানতে এবং সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে এ বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।
kalprakash.com/IM