দেশের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে বড় পরিসরে প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। এর আওতায় দেশের ৬৪ জেলায় তরুণদের সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে দুই মাসব্যাপী বেসিক প্রশিক্ষণ দেওয়া হবে।
শুধু প্রশিক্ষণ নয়, কর্মসূচিতে অংশ নেওয়া তরুণদের জন্য রয়েছে দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ও খাবার ভাতা। সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণে অংশ নিতে পারবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী ও পুরুষ। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা বাধ্যতামূলক।
প্রশিক্ষণার্থী বাছাইয়ে আইসিটির মৌলিক ধারণার পাশাপাশি ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর, আর মৌখিক পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বর। পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।
বাছাই শেষে ২৯ সেপ্টেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচিতদের নিয়ে ১ অক্টোবর থেকে শুরু হবে প্রশিক্ষণ কার্যক্রম, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
সংশ্লিষ্টরা মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সম্ভাবনা দ্রুত বাড়তে থাকায় তরুণদের এআই বিষয়ে মৌলিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করবে এই উদ্যোগ। একই সঙ্গে ভবিষ্যতের পরিবর্তনশীল শ্রমবাজারে নিজেদের প্রস্তুত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।