মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:২১:০৭
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটা ও দীর্ঘ টোকেন নিয়ে ডিপিডিসির ব্যাখ্যা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৫
শেয়ার: mail
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটা ও দীর্ঘ টোকেন নিয়ে ডিপিডিসির ব্যাখ্যা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

প্রিপেইড বিদ্যুৎ মিটার রিচার্জের সময় অতিরিক্ত টাকা কেটে নেওয়া, তথাকথিত ‘ভূতুড়ে বিল’, ছুটির দিনে বা মধ্যরাতে সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং নতুন ট্যারিফের পর দীর্ঘ টোকেন আসার মতো বিভিন্ন বিষয়ে গ্রাহকদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে জরুরি ব্যাখ্যা দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। সম্প্রতি গ্রাহকদের ভোগান্তি লাঘব ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রিপেইড মিটার, বিলিং পদ্ধতি, ডিমান্ড চার্জ, ভ্যাট, মিটার ভাড়া এবং সংযোগ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

ডিপিডিসি জানিয়েছে, গ্রাহকের অনুমোদিত লোডের ওপর ভিত্তি করে প্রতি মাসে একবার ডিমান্ড চার্জ আদায় করা হয়। কোনো মাসে গ্রাহক রিচার্জ না করলে পরবর্তী রিচার্জের সময় বকেয়া মাসগুলোর ডিমান্ড চার্জ এবং চলতি মাসের চার্জ একসঙ্গে সমন্বয় করা হয়। উদাহরণ হিসেবে সংস্থাটি জানায়, কোনো আবাসিক গ্রাহকের অনুমোদিত লোড যদি ২ কিলোওয়াট হয় এবং তিনি টানা তিন মাস রিচার্জ না করেন, তবে প্রতি কিলোওয়াটে ৪২ টাকা হারে তিন মাসের মোট ২৫২ টাকা পরবর্তী রিচার্জে একসঙ্গে কেটে নেওয়া হবে।

মিটার ভাড়ার বিষয়ে ডিপিডিসি স্পষ্ট করেছে, যেসব গ্রাহক নিজস্ব খরচে প্রিপেইড মিটার কিনে স্থাপন করেছেন, তাঁদের কোনো মিটার ভাড়া দিতে হয় না। তবে ডিপিডিসির সরবরাহ করা মিটারের ক্ষেত্রে প্রতি মাসে সিঙ্গেল ফেজ মিটারে ৪০ টাকা এবং থ্রি ফেজ মিটারে ২৫০ টাকা ভাড়া কর্তন করা হয়। মিটার নষ্ট হওয়ার পর কোনো গ্রাহক যদি নিজ খরচে নতুন মিটার স্থাপন করেন, সে ক্ষেত্রেও আর কোনো মিটার ভাড়া প্রযোজ্য হবে না। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যুৎ বিলের ওপর ৫ শতাংশ ভ্যাট কেটে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

বিদ্যুতের ট্যারিফ বা মূল্যহার পরিবর্তনের পর প্রথম রিচার্জে কেন দীর্ঘ টোকেন আসে—তার ব্যাখ্যাও দিয়েছে সংস্থাটি। ডিপিডিসি জানায়, পরিবর্তিত ট্যারিফ মিটারে কার্যকর ও সক্রিয় করার জন্যই প্রথমবার ২০০ থেকে ২২০ ডিজিটের দীর্ঘ টোকেন তৈরি হয়। তবে পরবর্তী রিচার্জ থেকে যথারীতি নিয়মিত ২০ ডিজিটের টোকেনই আসে। গ্রাহকদের এ সংক্রান্ত ভোগান্তি কমাতে পর্যায়ক্রমে অত্যাধুনিক এএমআই (AMI) প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। এসব মিটারে বিকাশ, রকেটসহ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি ব্যালেন্স যুক্ত হবে, ফলে গ্রাহকদের আর টোকেন টাইপ করার প্রয়োজন পড়বে না।

প্রিপেইড মিটারে অতিরিক্ত বা ভূতুড়ে বিল কাটার অভিযোগ নাকচ করে ডিপিডিসি জানিয়েছে, কারিগরিভাবে প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের চেয়ে অতিরিক্ত বিল কাটার কোনো সুযোগ নেই। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত ট্যারিফ অনুযায়ী ব্যবহৃত ইউনিটের মূল্য স্বয়ংক্রিয়ভাবে হিসাব হয়। তবে কমন নিউট্রাল কিংবা কোনো নির্দিষ্ট অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটি থাকলে গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে তা পরীক্ষা করে সমাধান করা হবে।

গ্রাহকবান্ধব উদ্যোগ হিসেবে ‘ফ্রেন্ডলি আওয়ার’ ঘোষণা করেছে ডিপিডিসি। সাপ্তাহিক ছুটির দিন এবং প্রতিদিন বিকেল ৪টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত সময় ফ্রেন্ডলি আওয়ার হিসেবে গণ্য হবে। এ সময়ে ব্যালেন্স শেষ হয়ে গেলেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে না। মিটার স্বয়ংক্রিয়ভাবে নেগেটিভ ব্যালেন্সে চালু থাকবে, যা পরবর্তী রিচার্জের সঙ্গে সমন্বয় করা হবে। এছাড়া গ্রাহকরা প্রয়োজনে জরুরি ব্যালেন্স সুবিধাও নিতে পারবেন।

বিল সংক্রান্ত অসঙ্গতি, অতিরিক্ত কর্তনের সন্দেহ কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে গ্রাহকদের আতঙ্কিত না হয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এ ধরনের সমস্যায় সংশ্লিষ্ট গ্রাহকসেবা কেন্দ্র, অভিযোগ কেন্দ্র অথবা ডিপিডিসির কল সেন্টার ১৬১১৬ নম্বরে যোগাযোগ করে গ্রাহক নম্বর ও মিটার নম্বর জানালে যাচাইপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটা ও দীর্ঘ টোকেন নিয়ে ডিপিডিসির ব্যাখ্যা

বিস্তারিত কমেন্টে