ভারতের রেলপথে তীব্র যানজট ও পণ্য বোঝাই সংক্রান্ত একাধিক বিধিনিষেধের কারণে কয়লা পরিবহনে বিঘ্ন ঘটছে। এর ফলে দেশটির ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমেছে বলে জানিয়েছে আদানি পাওয়ার।
বুধবার দেওয়া এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লাবাহী ট্রেনের রেক চলাচল ব্যাহত হওয়ায় স্বাভাবিকের তুলনায় কয়লা সরবরাহ কমে গেছে। ফলে বিদ্যুৎকেন্দ্রটিতে সাময়িকভাবে উৎপাদন সমন্বয় করতে হচ্ছে।
আদানি পাওয়ারের বিবৃতিতে বলা হয়, সন্ধ্যায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময়ে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে দিনের বেলা চাহিদা কম থাকার সময়ে বিদ্যুৎ উৎপাদন কিছুটা কমিয়ে আনা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কয়লাবাহী ট্রেনের রেক চলাচল দ্রুত স্বাভাবিক করতে ভারতীয় রেলওয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে আদানি কর্তৃপক্ষ। দ্রুতই এ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তারা আশাবাদী। এই সংকটকালে বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের ওপর সম্ভাব্য প্রভাব সর্বনিম্ন পর্যায়ে রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
kalprakash.com/IM