অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেনের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম-দুর্নীতির অভিযোগও অনুসন্ধান করছে সংস্থাটি।
বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মুখপাত্র আকতারুল ইসলাম।
তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের ১৮৮ জন কর্মকর্তার বদলিতে আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অর্থ লেনদেনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে প্রায় ২০০ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতি এবং পছন্দের জায়গায় পদায়নের জন্য ৪ কোটি টাকার বেশি ঘুষ গ্রহণের সুনির্দিষ্ট অভিযোগ কমিশনে জমা পড়েছে।
অভিযোগে সংশ্লিষ্ট অন্য তিনজন হলেন—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
দুদক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও কেনাকাটাকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ ওঠে। এসব অনিয়ম অনুসন্ধানে ইতোমধ্যে চার সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে দুদক। দলের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থাটির উপপরিচালক জাহিদ কালামকে।
এদিকে এর আগে আসিফ মাহমুদের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে তদবির-বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রায় ১১ মাস অনুসন্ধান করেছিল দুদক। পরবর্তীতে গত ফেব্রুয়ারিতে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে আসিফ মাহমুদসহ সংশ্লিষ্ট চারজনের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত অনুসন্ধান চলছে এবং অনুসন্ধান শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।
kalprakash.com/IM