বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জিয়া উদ্যান প্রাঙ্গণে জড়ো হতে থাকেন।
ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকা। বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। এ সময় নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা যায় এবং তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ উপলক্ষে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টায় রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর সকাল ৯টার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা জিয়া উদ্যানে উপস্থিত হন। সেখানে তাঁরা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে সুরা ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন এবং তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
kalprakash.com/IM