যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কারাগার থেকে নিজের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরো। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি জানিয়েছেন, তিনি ‘দৃঢ় আছেন’।
রোববার (৩০ আগস্ট) প্রকাশিত ছবিগুলোতে কারাগারের ধূসর পোশাকে মাদুরোকে দুই হাতে শান্তির প্রতীক প্রদর্শন করতে দেখা যায়। ছবিতে আগের তুলনায় তার শারীরিক ওজনও বেশ কম দেখা গেছে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মাদুরো বলেন, তার সন্তান, নাতি-নাতনি এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য ছবিগুলো একটি ছোট উপহার। তারা দৃঢ় আছেন এবং তাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন, তারা শান্ত, শক্ত ও আত্মবিশ্বাসী থাকবেন এবং ভেনেজুয়েলা আবারও ঘুরে দাঁড়াবে।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে আটক হওয়ার পর থেকে নিউইয়র্কের ব্রুকলিনের একটি কারাগারে বন্দি রয়েছেন মাদুরো। ওই অভিযানে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও আটক করা হয়। বর্তমানে মাদক পাচার ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রে তাদের বিরুদ্ধে মামলা চলছে। তবে তারা উভয়েই এসব অভিযোগ অস্বীকার করেছেন।
রোববার ছবিগুলো প্রকাশ পেলেও তথ্যানুযায়ী সেগুলো গত ২৫ জুন তোলা হয়েছিল। এর ঠিক আগের দিন ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিল।
মাদুরোর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, কারাগারে তার সংবাদপত্র বা ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। তবে পরিবার ও আইনজীবীদের সঙ্গে মাসে প্রায় ৩০০ মিনিট টেলিফোনে কথা বলার অনুমতি রয়েছে, যেখানে প্রতিটি ফোনালাপের সর্বোচ্চ সময়সীমা ১৫ মিনিট।
মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা জানিয়েছেন, তার বাবা ভালো আছেন এবং কারাগারে বাইবেল পড়ে সময় কাটাচ্ছেন।
এদিকে মাদুরোর উত্তরসূরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেস সম্প্রতি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার তেলক্ষেত্র পরিচালনার সুযোগ দিয়ে একটি ‘ঐতিহাসিক’ তেল চুক্তির ঘোষণা দেন। এর দুই দিন পরই কারাগার থেকে মাদুরোর এই বার্তা ও ছবি প্রকাশ্যে এলো।
নিউইয়র্কের একটি ফেডারেল আদালতের তথ্য অনুযায়ী, মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলমান মামলার বিচার আগামী ১ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
kalprakash.com/IM