রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:০৮:৪৩

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৬:৪২
শেয়ার: mail
জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন আইরিন খান। শনিবার (২৯ আগস্ট) ঢাকায় প্রাপ্ত এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন।

মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন ও টেকসই উন্নয়নসহ কূটনীতির নানা ক্ষেত্রে আইরিন খানের কয়েক দশকের সমৃদ্ধ বৈশ্বিক অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের বিভিন্ন শীর্ষস্থানীয় সংস্থায় নীতি নির্ধারণী ও নেতৃত্বমূলক দায়িত্ব পালন করেছেন।

আইরিন খান ২০২০ সাল থেকে মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা এবং প্রসারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত (স্পেশাল র‍্যাপোর্টিয়ার) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সংস্থাটির ইতিহাসে তিনিই ছিলেন প্রথম নারী মহাসচিব।

পরবর্তীতে ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত আইরিন খান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল’ অর্গানাইজেশনের (আইডিএলও) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে (ইউএনএইচসিআর) দীর্ঘ ২১ বছর দায়িত্ব পালনকালে তিনি ভারতে চিফ অব মিশন এবং ডিভিশন অব ইন্টারন্যাশনাল প্রটেকশনের উপপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।

মানবাধিকার ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আইরিন খান ২০০৬ সালে মর্যাদাপূর্ণ ‘সিডনি পিস প্রাইজ’-এ ভূষিত হন। তিনি ‘দ্য আনহার্ড ট্রুথ: পভার্টি অ্যান্ড হিউম্যান রাইটস’ শীর্ষক বহুল প্রশংসিত গ্রন্থের লেখক। আইরিন খান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ল’ স্কুল থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বিস্তারিত কমেন্টে