বর্তমান সরকারের ১৮০ দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জিত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ‘আমরা উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি।’
শনিবার (২৯ আগস্ট) সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি ও পাঁচ বছর মেয়াদি কর্মকৌশল নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, জাতীয় অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার পাঁচটি মৌলিক স্তম্ভকে সামনে রেখে অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে। সেগুলো হলো— ১. গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে ‘এক গ্রাম, এক পণ্য’ উদ্যোগ বাস্তবায়ন; ২. আগামী ৫ বছরে ৫ গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা; ৩. দেশের সার্বিক স্বাস্থ্যব্যবস্থায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনা; ৪. সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি কার্যকর করা এবং ৫. আগামী ৫ বছরে দেশে ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।
তিনি আরও বলেন, ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতিকে পুনরুদ্ধারে সরকার সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে এগোচ্ছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে পাঁচ বছর মেয়াদি এই কর্মকৌশল বাস্তবায়নে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
kalprakash.com/IM