শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৫৭:৪৫

পাসওয়ার্ডের দিন শেষ: পাসকি কী এবং কীভাবে ব্যবহার করবেন?

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮:৪৭
শেয়ার: mail
পাসওয়ার্ডের দিন শেষ: পাসকি কী এবং কীভাবে ব্যবহার করবেন?

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

অনলাইন অ্যাকাউন্টে প্রবেশের জন্য এতদিন মূল ভরসা ছিল প্রচলিত পাসওয়ার্ড। তবে পাসওয়ার্ড ভুলে যাওয়া, অন্যের হাতে তথ্য চলে যাওয়া কিংবা ফিশিং আক্রমণের মাধ্যমে হ্যাক হওয়ার মতো নানা ঝুঁকি সবসময়ই থেকে যায়। এসব সাইবার ঝুঁকি এড়াতে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে পাসওয়ার্ডবিহীন আধুনিক প্রযুক্তি ‘পাসকি’ (Passkey)।

পাসকি হলো পাসওয়ার্ডের বিকল্প একটি আধুনিক ও নিরাপদ ডিজিটাল লগইন পদ্ধতি। এতে আলাদা কোনো জটিল পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হয় না। ব্যবহারকারীর স্মার্টফোন বা কম্পিউটারের নিজস্ব বায়োমেট্রিক ও ডিভাইস-ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করেই তাৎক্ষণিকভাবে পরিচয় যাচাই করা যায়।

স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক সক্রিয় থাকলে সেগুলোর মাধ্যমেই পাসকি ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব। আর কম্পিউটারের ক্ষেত্রে পিন, ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কোনো ডিভাইস-ভিত্তিক নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করা যায়।

কেন পাসকি ব্যবহার করবেন? পাসকির অন্যতম বড় সুবিধা হলো এটি সাধারণ পাসওয়ার্ডের মতো সহজে অন্য কারও কাছে প্রকাশ করা কিংবা কপি করে নেওয়া যায় না। ফলে পাসওয়ার্ড চুরি ও ফিশিংয়ের মতো সাইবার প্রতারণার ঝুঁকি নাটকীয়ভাবে কমে যায়। এছাড়া ব্যবহারকারীর ফিঙ্গারপ্রিন্ট বা মুখের বায়োমেট্রিক তথ্য সরাসরি কোনো ওয়েবসাইটে বা সার্ভারে পাঠানো হয় না; পরিচয় যাচাইয়ের পুরো প্রক্রিয়াটি সংশ্লিষ্ট ডিভাইসের মধ্যেই সুরক্ষিতভাবে সম্পন্ন হয়।

পাসকি ব্যবহারের আগে যা প্রয়োজন: পাসকি চালু করার আগে আপনার ডিভাইস ও ব্রাউজার প্রযুক্তিটি সমর্থন করে কি না, তা নিশ্চিত করতে হবে।

  • কম্পিউটার: উইন্ডোজ ১০ বা পরবর্তী সংস্করণ, ম্যাকওএস ভেনচুরা বা পরবর্তী সংস্করণ এবং ক্রোম ওএস ১০৯ বা নতুন সংস্করণের কম্পিউটারে পাসকি ব্যবহার করা যায়।

  • স্মার্টফোন: অ্যান্ড্রয়েড ৯ বা পরবর্তী সংস্করণ এবং অ্যাপলের আইওএস ১৬ বা পরবর্তী সংস্করণ প্রয়োজন হতে পারে।

  • ব্রাউজার ও অন্যান্য: ক্রোম, সাফারি, এজ বা ফায়ারফক্সের মতো আধুনিক ব্রাউজার ব্যবহার করতে হবে। ডিভাইসে স্ক্রিন লক চালু থাকা বাধ্যতামূলক। ফোনের পাসকি ব্যবহার করে কম্পিউটারে লগইন করতে চাইলে উভয় ডিভাইসে ব্লুটুথ চালু রাখতে হবে। অ্যাপল ডিভাইসের ক্ষেত্রে আইক্লাউড কি-চেইন সক্রিয় থাকাও প্রয়োজন।

গুগল অ্যাকাউন্টে পাসকি তৈরির নিয়ম: গুগল অ্যাকাউন্টে পাসকি তৈরির জন্য প্রথমে অ্যাকাউন্টের সেটিংসে (Settings) প্রবেশ করুন। এরপর ‘সিকিউরিটি’ (Security) বিভাগ থেকে ‘পাসকিস’ (Passkeys) অপশন নির্বাচন করুন। সেখানে গিয়ে ‘ক্রিয়েট অ্যা পাসকি’ (Create a passkey) অপশনে ক্লিক করতে হবে। নিরাপত্তার জন্য বর্তমান পাসওয়ার্ড দিয়ে পরিচয় নিশ্চিত করতে হতে পারে। এরপর ফোন বা কম্পিউটারের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক কিংবা পিনের সঙ্গে পাসকি যুক্ত করে সেটআপ প্রক্রিয়া সম্পন্ন করুন।

পাসকি দিয়ে লগইন করবেন কীভাবে? সমর্থিত যেকোনো অ্যাকাউন্টের সাইন-ইন পেজে গিয়ে প্রথমে ইউজারনেম বা ইমেইল লিখুন। এরপর পাসকি দিয়ে লগইন করার অপশন বেছে নিন। এবার ফোন বা কম্পিউটারের বায়োমেট্রিক বা নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে পরিচয় নিশ্চিত করতে হবে। ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক কিংবা পিন দিয়ে যাচাই সফল হলেই অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

ফোনের পাসকি দিয়ে কম্পিউটারে লগইন: কম্পিউটারে থাকা কোনো অ্যাকাউন্টে স্মার্টফোনের পাসকি ব্যবহার করেও প্রবেশ করা যায়। এজন্য সাইন-ইন পেজ থেকে ‘Try another way’ নির্বাচন করে ‘Use your passkey’ অপশনে যেতে হবে। এরপর কম্পিউটারের স্ক্রিনে কিউআর (QR) কোড দেখা গেলে ফোনের ক্যামেরা দিয়ে সেটি স্ক্যান করতে হবে। ফোনে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক কিংবা পিন দিয়ে পরিচয় যাচাই করলেই কম্পিউটারে লগইন সম্পন্ন হবে।

পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা কমানোর পাশাপাশি ফিশিং ও হ্যাকিংয়ের ঝুঁকি রুখতে পাসকি গুরুত্বপূর্ণ একটি বিকল্প হয়ে উঠছে। তবে নিজের ডিভাইসের স্ক্রিন লক এবং অ্যাকাউন্টের রিকভারি তথ্য নিরাপদ রাখাও সমান জরুরি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পাসওয়ার্ডের দিন শেষ: পাসকি কী এবং কীভাবে ব্যবহার করবেন?

বিস্তারিত কমেন্টে