রাজধানীর প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। নীতিমালায় এসব রিকশা কোথায় ও কতটুকু চলতে পারবে, যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা এবং চালকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার বড় ও প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশার চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে সাধারণ মানুষের যাতায়াতে কিছুটা সুবিধা হলেও যানজটসহ বিভিন্ন জটিলতা ও সমস্যা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। একই সঙ্গে এসব যানবাহন কারিগরি দিক থেকে কতটা নিরাপদ ও মানসম্মত, সেটিও বড় বিবেচনার বিষয়।
সরকার দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, কোন এলাকায় এবং কতটুকু পরিসরে এসব যান চলাচল করতে পারবে, পাশাপাশি যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা কেমন হতে হবে—সব বিষয় নীতিমালায় নির্ধারণ করা হবে। এর মাধ্যমে ব্যাটারিচালিত রিকশা চলাচলে একটি কার্যকর ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
kalprakash.com/IM