জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাহানারা ইমাম হলের মূল ফটকে রাত ১১টার পর তালা লাগানোর সিদ্ধান্ত শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ ও সমালোচনার মুখে প্রত্যাহার করেছে হল প্রশাসন।
শুক্রবার (২১ আগস্ট) জাহানারা ইমাম হল সংসদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে আগের ওই সিদ্ধান্ত বাতিল করা হয়। এর ফলে রাত ১১টার পর হলের ফটকে তালা দেওয়ার নির্দেশনা আর কার্যকর থাকছে না।
এর আগে গত ১৯ আগস্ট হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, রাত ১১টার পর হলের মূল ফটকে তালা দেওয়া হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া ছাত্রীদের বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা এটিকে তাঁদের চলাচলের স্বাধীনতার ওপর অযৌক্তিক বিধিনিষেধ হিসেবে আখ্যা দেন। এই সমালোচনার পরিপ্রেক্ষিতেই হল প্রশাসন সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে তা প্রত্যাহার করে নেয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলেও দীর্ঘদিন ধরে রাত ১০টার পর বাইরে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে বলে অভিযোগ ওঠে।
তবে এই অভিযোগ নাকচ করেছেন প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ (প্রভোস্ট) অধ্যাপক ড. নাসরিন সুলতানা। তিনি বলেন, তাঁদের হলে রাত ১০টার পর বের হওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা রেজিস্ট্রি খাতায় নাম লিখে যেকোনো সময় বাইরে যেতে পারেন।
উল্লেখ্য, জাহানারা ইমাম হলের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্রশক্তি, নারী নিরাপত্তা মঞ্চ, ছাত্র ইউনিয়নসহ একাধিক ছাত্রসংগঠন বিবৃতি দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিল।
kalprakash.com/IM