স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ঢাকার চারদিকে আট লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। নগরীর পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে নদী-খাল রক্ষার কোনো বিকল্প নেই।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে ঢাকা জেলা প্রশাসন ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে কামরাঙ্গীরচরে দিরাই খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এ পরিকল্পনার কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যাঁরা কাজ করেন, তাঁদের আলোচনা কম এবং সমালোচনা বেশি হয়। যাঁরা ঘরে বসে থাকেন এবং ভালো কাজ সহ্য করতে পারেন না, তাঁরাই বেশি সমালোচনা করেন। সবকিছুর মধ্যেই দলবাজি টেনে আনার চেষ্টা করা হয়। সরকার ক্লিন বাংলাদেশ এবং গ্রিন বাংলাদেশ গড়তে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে দল-মত-নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, রাজধানীর চারপাশের নদী ও খালগুলো পরিকল্পিতভাবে সংস্কার ও দখলমুক্ত করা গেলে নৌপথের পাশাপাশি সড়ক যোগাযোগেও মানুষের সুবিধা বাড়বে। ঢাকার চারদিকে আট লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। নগরীর পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে নদী-খাল রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
শুধু সরকারি উদ্যোগে খাল, নদী ও জলাশয় রক্ষা সম্ভব নয় উল্লেখ করে মীর শাহে আলম বলেন, নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে জনসম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সূত্র: কালের কণ্ঠ
kalprakash.com/IM