বাংলাদেশি ভিসা প্রত্যাশীদের কোনো প্রকার দালাল বা মধ্যস্বত্বভোগী এজেন্টের প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দিয়ে জরুরি সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। সোমবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।
বার্তায় ভারতীয় হাইকমিশন উল্লেখ করে, সাম্প্রতিক সময়ে এমন কিছু প্রতারণার ঘটনা কর্তৃপক্ষের নজরে এসেছে, যেখানে অসাধু দালাল চক্র আবেদনকারীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে পাসপোর্টে ভারতীয় ইমিগ্রেশনের নকল সিল এবং অন্যান্য দেশের জাল ভিসা স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে।
হাইকমিশনের পক্ষ থেকে ভিসা আবেদনকারীদের প্রতি বিশেষ কিছু বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে:
-
দ্রুত ভিসা পাইয়ে দেওয়া বা নিশ্চিত অনুমোদনের প্রতিশ্রুতি দেওয়া কোনো এজেন্টকে বিশ্বাস না করা; কারণ ভিসা প্রক্রিয়ায় কোনো ধরনের ‘শর্টকাট’ পদ্ধতি নেই।
-
কোনো অবস্থাতেই জাল, বিকৃত বা অসত্য সিল ও ভুয়া তথ্যসংবলিত পাসপোর্ট বা কাগজপত্র জমা না দেওয়া; কারণ যাচাই-বাছাইয়ের সময় এসব সহজেই শনাক্ত হয়ে যায়।
-
আবেদনপত্রে জাল বা বিভ্রান্তিকর নথিপত্র যুক্ত থাকলে তা সরাসরি বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট আবেদনকারী ভবিষ্যতে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞায় পড়তে পারেন।
-
ভিসা প্রক্রিয়ায় প্রভাব খাটানোর দাবিদার কোনো ব্যক্তি বা চক্রকে কোনো প্রকার আর্থিক লেনদেন না করা।
বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের কেবল অফিশিয়াল ও নির্ধারিত নিয়ম মেনে সঠিক তথ্য ও মূল নথিপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া কেউ প্রতারণামূলক প্রস্তাব দিলে তা অবিলম্বে visahelp.dhaka@mea.gov.in ইমেইলে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
kalprakash.com/IM