বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা মাদ্রাসা শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় রাঙামাটি আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালন করেন আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বাংলা বিষয়ের প্রভাষক আব্দুর রহিম।
টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখার আমির আব্দুল আলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রশিবির জেলা অর্থ সম্পাদক সাওবান এবং মাদ্রাসা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান রাকিবসহ জেলা, শহর ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াত আমির আব্দুল আলিম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতিকে ধারণ করে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ক্রীড়া সংস্কৃতির মাধ্যমে তরুণদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়।’
প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এ ছাড়া পুরো টুর্নামেন্টে অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শনের জন্য সেরা খেলোয়াড় ও সেরা গোলকিপারকে বিশেষ সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়।
kalprakash.com/IM