অমর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে রাখার আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে উভয় পক্ষের বিস্তারিত শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, এদিন শুনানি চলাকালে আসামি ডনের পক্ষে তাঁর আইনজীবী মো. তরিকুল ইসলাম (জুয়েল) জামিন প্রার্থনা করেন। জামিন আবেদনে দাবি করা হয়, মামলার মূল এজাহারে ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং তিনি ঘটনার সাথে সম্পৃক্ত নন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিউকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষে আদালত জামিন নামঞ্জুরের সিদ্ধান্ত দেন।
এর আগে গত ৯ আগস্ট (রবিবার) ভোরে সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে সিআইডির কাছে হস্তান্তর করে। পরবর্তীতে সিআইডির পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আরিফুর রহমান তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানালে আদালত তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসভবনে চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। দীর্ঘ দিন এটি আত্মহত্যা হিসেবে আলোচিত হলেও পরবর্তীতে ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেন। হত্যা মামলায় ডন ছাড়াও সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।
kalprakash.com/IM