ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন মাধবপুর মৌজায় সীমানা পেরিয়ে জমি জবরদখল, রোপিত আমন ধানের চারা বিনাশ ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মাধবপুর গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে মোঃ শামসুজ্জামান (দুলাল) বাদী হয়ে রুহিয়া থানায় এ অভিযোগ দাখিল করেন। এতে বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের দুই ছেলে মোঃ মুসলিম উদ্দীন ও মোঃ আকবর আলীসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাধবপুর মৌজার (জে এল নং-১৯, দাগ নং-৬১৩২) ৩১.৫০ শতক জমি জমি রেজিস্ট্রি সূত্রে ক্রয় করে নামজারি ও জমাভাগ সম্পন্নপূর্বক দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন শামসুজ্জামান। কিন্তু প্রতিপক্ষ বিবাদীরা দীর্ঘদিন ধরে গায়ের জোরে জমিটি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গত ৫ আগস্ট সকালে বিবাদীরা লাঠিসোটা নিয়ে বেআইনিভাবে জমিতে প্রবেশ করে রোপিত আমন ধান নষ্ট করে ও দখলের চেষ্টা চালায়।
ভুক্তভোগী বাধা দিলে বিবাদীরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিটের উদ্যোগ নেয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের বাধার মুখে তারা খুন-জখমের হুমকি দিয়ে সটকে পড়ে। ভুক্তভোগী শামসুজ্জামান জানান, ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
kalprakash.com/IM