বাগেরহাটের চিতলমারীতে ফ্যামিলি কার্ড খানার তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষার ফলাফলে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে চিতলমারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (৯ আগস্ট) সকালে চিতলমারী উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে মিছিলটি পুনারায় উপজেলা চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য প্রদানকালে বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, সদ্য প্রকাশিত নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের ঘটনা ঘটেছে। বক্তারা অবিলম্বে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার এবং সমাজসেবা অধিদপ্তরের প্রধান কর্মকর্তা রঞ্জন বিশ্বাসের তাৎক্ষণিক অপসারণ ও তাঁদের চাকরিচ্যুতির জোর দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের এখন একদফা এক দাবি— ইউএনও খাদিজা আক্তার ও সমাজসেবা কর্মকর্তা রঞ্জন বিশ্বাসকে দ্রুত অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। এই দাবি না মানা পর্যন্ত রাজপথের গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে পুরো উপজেলা অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
এদিকে বিএনপির এই ঝাড়ু-জুতা মিছিল ও লাগাতার আন্দোলনকে কেন্দ্র করে চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে ব্যাপক থমথমে ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে তালা ঝুলিয়ে সরে পড়েন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে জেলা পুলিশ।
তবে নিয়োগ পরীক্ষার ফলাফলে অনিয়ম ও অপসারণের দাবির বিষয়ে জানতে অভিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তার ফোনে চেষ্টা করা হলেও তাঁদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
kalprakash.com/IM