শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | দুপুর ২:৩৫:৩৩

ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ফল প্রকাশের পর মণিরামপুরে ক্ষোভ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:১৭
শেয়ার: mail
ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ফল প্রকাশের পর মণিরামপুরে ক্ষোভ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিচালিত ‘ফ্যামিলি কার্ড’ তথ্য শুমারি কর্মসূচিতে অস্থায়ী ভিত্তিতে তথ্য সংগ্রহকারী ও ফিল্ড সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশের পর যশোরের মণিরামপুরে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। পরীক্ষা ছাড়াই স্বজনপ্রীতি ও রাজনৈতিক সুপারিশের ভিত্তিতে বিতর্কিতভাবে চূড়ান্ত তালিকা প্রকাশের অভিযোগ উঠেছে।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, সরকারি সার্কুলার ও নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পুরোপুরি পাশ কাটিয়ে শুধু লোকদেখানো ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়েছে। ভালো পরীক্ষা দিয়েও অনেক যোগ্য ও মেধাবী পরীক্ষার্থী চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন। পক্ষান্তরে অপেক্ষাকৃত কম যোগ্য কিংবা অনভিজ্ঞ প্রার্থীরা কেবল প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সুপারিশে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন বলে দাবি করা হচ্ছে।

গতকাল ফলাফল প্রকাশের পরপরই উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা বিক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। একই সাথে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

কোদলাপাড়ার ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থী গাজী মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, “এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ অস্বচ্ছ ও কারচুপিপূর্ণ। অবিলম্বে এ পাতানো ফলাফল বাতিল করে পুরো প্রক্রিয়া পুনর্মূল্যায়ন ও তদন্তের দাবি জানাচ্ছি।”

স্থানীয় প্রতিনিধি মাওলানা সেলিম জাহাঙ্গীর ও মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন পৃথক বক্তব্যে বলেন, যোগ্যদের বঞ্চিত করে রাজনৈতিক প্রভাবে নিয়োগ দেওয়া একটি মারাত্মক জালিয়াতি। অবিলম্বে এর নিরপেক্ষ তদন্ত হওয়া আবশ্যক।

এসব বিস্ফোরক অভিযোগের বিষয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসাইনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। উপজেলা সমাজসেবা কার্যালয় কিংবা সংশ্লিষ্ট নিয়োগ কমিটির পক্ষ থেকেও কোনো লিখিত বা আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করা হয়নি।

উল্লেখ্য, প্রান্তিক পরিবারের প্রকৃত তথ্য সংগ্রহের লক্ষে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির জন্য গত ২৩ থেকে ২৫ জুলাই আবেদন গ্রহণ করা হয় এবং তড়িঘড়ি করে ব্যবহারিক পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ করা হয়। ভুক্তভোগী চাকরিপ্রার্থীরা প্রকাশিত মেধা তালিকা অবিলম্বে স্থগিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward