দেশের যেকোনো জাতীয় সংকট কার্যকর ও স্থায়ীভাবে মোকাবিলা করতে সরকার ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট জেলা জামায়াতের রুকন সম্মেলনে যোগ দেওয়ার আগে বাগেরহাট সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “সাম্প্রতিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী পক্ষের সম্মিলিত পদক্ষেপ একটি ইতিবাচক ফল এনে দিয়েছে। অতিরিক্ত অর্থ খরচ করে তেল আমদানি ছাড়াই পরিস্থিতির যে দৃশ্যমান উন্নতি সম্ভব হয়েছে, তা থেকেই সমন্বিত উদ্যোগের কার্যকারিতা সুস্পষ্ট।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে একটি সংঘাতহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। অতীতের সংসদীয় রাজনীতিতে সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না। জামায়াত সর্বদা শালীন ও গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করবে। চরম উসকানির মুখেও জামায়াত তার শান্তিপূর্ণ কর্মসূচির ধারা বজায় রাখবে।”
আওয়ামী লীগের রাজনীতিতে পুনরাগমনের সম্ভাবনা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অতীতের অপকর্ম ও অন্যায়ের বিষয়ে দলটির মধ্যে ন্যূনতম অনুশোচনার কোনো লক্ষণ প্রকাশিত হয়নি। এ বাস্তবতায় দলটির পুনরায় রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ আছে বলে মনে হয় না।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাটের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, মনজুরুল হক রাহাদ, অধ্যক্ষ আব্দুল আলীম এবং জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমসহ দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।
সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট কামিল মাদরাসা মাঠে আয়োজিত জেলা জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
kalprakash.com/IM