শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | রাত ১:১৭:৫৯

ইরানের সরকার পতনের পরিকল্পনা ভেস্তে গেল, মোসাদের দুই শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:৪৫
শেয়ার: mail
ইরানের সরকার পতনের পরিকল্পনা ভেস্তে গেল, মোসাদের দুই শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইরানের ক্ষমতাসীন ইসলামি সরকারের পতনের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ার অভিযোগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। সংস্থাটির নতুন প্রধান রোমান গফম্যান এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২

বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে চ্যানেল ১২ জানায়, বহিষ্কৃত দুই কর্মকর্তার একজন ছিলেন মোসাদের ইন্টেলিজেন্স ডিরেক্টোরেটের প্রধান এবং অন্যজন ইরান বিভাগের প্রধান। নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।

মোসাদের অভ্যন্তরীণ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বর মাসে ইরানে সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর ইসলামি প্রজাতন্ত্রী সরকারের পতন ঘটাতে একটি বিস্তারিত লিখিত পরিকল্পনা তৈরি করেছিল সংস্থাটি। পরিকল্পনার মূল লক্ষ্য ছিল বিক্ষোভকে কাজে লাগিয়ে সরকারবিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় গড়ে তুলে বর্তমান সরকারের পতন ঘটানো এবং একটি নতুন সরকার প্রতিষ্ঠায় সহায়তা করা।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, ইসরায়েল সরকার এ পরিকল্পনায় অনুমোদন দিয়েছিল। এমনকি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজে পরিকল্পনার সফলতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করেছিলেন। এছাড়া গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রেও এ পরিকল্পনার প্রভাব ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে শেষ পর্যন্ত পরিকল্পনাটি সফল হয়নি। এর পাশাপাশি চলতি বছরের ২ জুন রোমান গফম্যান মোসাদের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই দুই কর্মকর্তার সঙ্গে তার মতবিরোধও সৃষ্টি হয় বলে জানা গেছে।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বহিষ্কারকে শুধুমাত্র ব্যর্থতার ফল হিসেবে দেখা ঠিক হবে না। এটি মোসাদের বৃহত্তর পুনর্গঠনের অংশ এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই তাদের দায়িত্ব থেকে সরানো হয়েছে। ভবিষ্যতে তারা সংস্থার অন্য দায়িত্বে কাজ করতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চ্যানেল ১২-এর দাবি, গোপন পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল ইরানের কুর্দি অধ্যুষিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা। পাশাপাশি দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার বিষয়টিও পরিকল্পনায় বিবেচনা করা হয়েছিল।

এদিকে গত মাসে দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েল দীর্ঘদিন ধরে আহমাদিনেজাদকে পুনরায় রাষ্ট্রীয় নেতৃত্বে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে আসছিল। প্রতিবেদনে আরও বলা হয়, এ উদ্যোগের অংশ হিসেবে হাঙ্গেরিতে একটি একাডেমিক সম্মেলনের ফাঁকে আহমাদিনেজাদ এবং তৎকালীন মোসাদ প্রধান ডেভিড বারনিয়ার মধ্যে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।

তবে চ্যানেল ১২ এবং দ্য নিউইয়র্ক টাইমসের এসব দাবির বিষয়ে ইসরায়েল সরকার, মোসাদ কিংবা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward