শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | রাত ১:১৮:২৯

থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা: নিহত ৭, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:০৬
শেয়ার: mail
থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা: নিহত ৭, আহত ১৫

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় ননথাবুরি প্রদেশের একটি স্কুলে এক শিক্ষার্থীর বন্দুক হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষক এবং হামলাকারী শিক্ষার্থীও রয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার সকালে ননথাবুরির বাং কুরাই জেলার একটি সুপরিচিত স্কুলে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় স্কুলের নিয়মিত পাঠদান চলছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ননথাবুরি প্রাদেশিক পুলিশের শীর্ষ কর্মকর্তা দেচরাপি কংদি সাংবাদিকদের জানান, হামলাকারী নবম শ্রেণির প্রায় ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী। তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, স্কুল ভবনের তৃতীয় তলার একটি ফাঁকা কক্ষ থেকে ওই শিক্ষার্থী এলোপাতাড়ি গুলি ছোড়ে। কয়েক রাউন্ড গুলি চালানোর পর সে নিজেই আত্মহত্যা করে।

গুলির শব্দ শোনার পরপরই শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান, ফলে আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরেক পুলিশ কর্মকর্তা পাসাকর্ন চাইতাউইয়ং জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। কী কারণে ওই শিক্ষার্থী এমন হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে প্রাদেশিক পুলিশ।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্রের মালিকের সংখ্যা সবচেয়ে বেশি। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে সাধারণ নাগরিকদের হাতে প্রায় ১ কোটি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং প্রতি ৭ জনের মধ্যে একজন বৈধ বা নিবন্ধিত আগ্নেয়াস্ত্রের মালিক।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward