সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১০:৩৫:০০

পীরগঞ্জে চায়ের দোকানে বজ্রপাত: নিহত ২, গুরুতর আহত ২

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৯:০৩
শেয়ার: mail
পীরগঞ্জে চায়ের দোকানে বজ্রপাত: নিহত ২, গুরুতর আহত ২

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃষ্টির হাত থেকে বাঁচতে চায়ের দোকানে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দাদের ওপর আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দোকানদারসহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

আজ ২ আগস্ট (রোববার) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুষারিগাঁও বলগাঁ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষারিগাঁও বলগাঁ এলাকার মহেন চন্দ্রের (টিহাকু) স্ত্রী শাস্তি রাণী (৫০) এবং একই এলাকার মৃত বেহারু রায়ের ছেলে শুহি রাম রায় (৫০)।

আহতরা হলেন একই এলাকার টেপরা ও শালন চন্দ্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়। এ সময় বৃষ্টি থেকে বাঁচতে এবং চা পান করতে পাশের একটি চায়ের দোকানে একসঙ্গে জড়ো হন কয়েকজন স্থানীয় বাসিন্দা। আড্ডা ও চা পানের মধ্যেই হঠাৎ বিকট শব্দে চায়ের দোকানটিতে বজ্রপাত হয়।

বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও দুজন গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, বৃষ্টির সময় চায়ের দোকানে অবস্থানকালে এ দুর্ঘটনা ঘটে। বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ঘটনার পর থেকে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগসমূহ: বজ্রপাত

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward