রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। আগামী সোমবার পর্যন্ত এ স্বাক্ষর সংগ্রহ অভিযান চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি রাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত হয়ে একাত্মতা ও সংহতি প্রকাশ করেন।
গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদলকর্মী মেহেদী হাসান বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো, সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িত চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন অবিলম্বে বিশ্ববিদ্যালয় বিধি ও প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়। ভিডিও ফুটেজে পুরো ঘটনা স্পষ্ট, তাই নতুন করে তদন্তের অজুহাতে সময়ক্ষেপণের কোনো সুযোগ নেই।”
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী সংহতি প্রকাশ করে বলেন, “গত ২৭ জুলাই কেন্দ্রীয় লাইব্রেরির মতো একটি নিরাপদ ও পঠনপাঠনের জায়গায় শিক্ষার্থীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তা ক্যাম্পাসের শিক্ষার পরিবেশকে গুরুতর প্রশ্নবিদ্ধ করেছে। রাকসু সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের প্রতীক হওয়ার কথা থাকলেও যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে, তাদের কর্মকাণ্ড সম্পূর্ণ সাংঘর্ষিক। শিক্ষার্থীবান্ধব পরিবেশ রক্ষায় জড়িতদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।”
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি জান্নাতুন নাঈম তুহিনা বলেন, “এটি কোনো একক রাজনৈতিক সংগঠনের কর্মসূচি নয়, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের স্বতঃস্ফূর্ত আন্দোলন। সাধারণ শিক্ষার্থীদের প্রথম দিনেই ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে তারা এই ন্যক্কারজনক ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার চায়।”
আয়োজক সূত্র জানায়, কর্মসূচির প্রথম দিনেই শতাধিক শিক্ষার্থী লাইব্রেরির সামনে উপস্থিত হয়ে গণস্বাক্ষর প্রদান করেন।
kalprakash.com/IM