শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩ | ২২ সফর, ১৪৪৮ | রাত ২:২৫:৫১

এমপি গাজী নজরুলের আসন শূন্য হবে কি না, স্পষ্ট করল নির্বাচন কমিশন

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:৫৯
শেয়ার: mail
এমপি গাজী নজরুলের আসন শূন্য হবে কি না, স্পষ্ট করল নির্বাচন কমিশন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর তাঁর সংসদ সদস্যপদ নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ২৮ জুলাই সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “জাতীয় সংসদের স্পিকারের কাছ থেকে আনুষ্ঠানিক রেফারেন্স না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নির্বাচন কমিশনের আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।”

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সাথে গাজী নজরুল ইসলামের একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার পর নৈতিক স্খলনের অভিযোগ এনে তাঁকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরবর্তীতে তাঁর সংসদ সদস্যপদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দলটির পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে পৃথক আবেদন পাঠানো হয়।

এ প্রসঙ্গে সিইসি জানান, ‘জাতীয় সংসদ সদস্যপদ (বিরোধ নিষ্পত্তি) আইন, ১৯৮০’ অনুযায়ী এ ধরনের দ্বন্দের ক্ষেত্রে বিষয়টি আগে স্পিকারের মাধ্যমে নির্বাচন কমিশনে রেফারেন্স আকারে আসতে হয়। স্পিকার আনুষ্ঠানিকভাবে নথি পাঠানোর পর কমিশন সংশ্লিষ্ট সব পক্ষের শুনানি গ্রহণ করে আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে।

তিনি আরও জানান, সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদের বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি।

সিইসি স্পষ্ট করে বলেন, স্পিকারের কার্যালয় থেকে লিখিত ও আনুষ্ঠানিক রেফারেন্স পাওয়ার পরই নির্বাচন কমিশন সংবিধান এবং বিদ্যমান আইন অনুযায়ী পরবর্তী শুনানিসহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward