মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ৩:১৫:০৮

পিরোজপুরে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:৩০
শেয়ার: mail
পিরোজপুরে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং তথ্যভিত্তিক সাংবাদিকতার চর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। উদ্বোধনী আলোচনা শেষে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন পিরোজপুর জেলা তথ্য অফিসের উপপরিচালক ও সহকারী উপপরিচালক।

তারা সাংবাদিকতার বিভিন্ন কৌশল, প্রযুক্তি ও নৈতিকতা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার কোনো বিকল্প নেই। সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

প্রশিক্ষণ কর্মশালায় পিরোজপুরের বিভিন্ন উপজেলার প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও তাঁদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন পিরোজপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আবু জাফর ও সাংগঠনিক সম্পাদক শাহিন ফকির, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক নাঈম তালুকদার এবং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পিরোজপুরের সভাপতি এস এম সোহেল বিল্লাহ।

প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে অতিথিরা সনদপত্র তুলে দেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা এমন যুগোপযোগী উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward