রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে আসুন এই বর্ষায় একটি হলেও বৃক্ষ রোপণ করি স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বিভিন্ন আবাসিক হলে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণে গাছের গুরুত্ব তুলে ধরে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও ক্যাম্পাসকে সবুজ রাখতে বট, জারুল, ঝাউ, জলপাই, বকুল, পেয়ারা, পলাশ, হিজল, হরিতকি, বইড়া ও ছাতিমসহ প্রায় ৫০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আহসান হাবিব বলেন, বৃক্ষরোপণ করলে কেবল প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি পায় না, এটি অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
গ্রীন ভয়েস, রাবি শাখার সভাপতি আরিফ ইসলাম বলেন, আমাদের প্রত্যেকের উচিত এ বর্ষায় অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির সঠিক পরিচর্যা করা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রাবি শাখার সাবেক সভাপতি মাহিন আলম, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, তথ্য ও যোগাযোগ সম্পাদক সাকিব, বর্তমান কার্যকরী কমিটির ত্রাণবিষয়ক সম্পাদক আরিফুলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
kalprakash.com/IM