বাগেরহাটের ফকিরহাট উপজেলার এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক মৃদুল সরকার (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রায় ৪৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত মৃদুল সরকার ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের পুঁটিয়া গ্রামের মিলন সরকারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ জুলাই সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফকিরহাট বাজারের উদ্দেশ্যে রওনা দেন মৃদুল। পথে উপজেলার আট্টাকী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
মোড়েলগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
kalprakash.com/IM
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি 






















