শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:০৩:২৭

নির্ধারিত সময়ে নির্বাচনের দাবি, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:৪৩
শেয়ার: mail
নির্ধারিত সময়ে নির্বাচনের দাবি, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

প্রেসক্লাব যশোরের বর্তমান কার্যনির্বাহী কমিটির নির্ধারিত মেয়াদের মধ্যেই নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি’।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে আগামী ৭ আগস্টের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ সম্পন্ন এবং নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে সতর্ক করে বলা হয়েছে, দাবি বাস্তবায়ন না হলে ৮ আগস্ট থেকে নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করা হবে।

প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক একরাম উদ্দৌলা, যুগ্ম আহ্বায়ক বিনয় কৃষ্ণ মল্লিক এবং সদস্য সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত স্মারকলিপিতে এসব দাবি উত্থাপন করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমান কার্যনির্বাহী কমিটি আগামী ৩১ অক্টোবর দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। কিন্তু ওই সময় বর্তমান কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় তিন মাস পর। ফলে গঠনতন্ত্রের চেতনার পরিপন্থীভাবে কমিটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে দাবি করেন স্বাক্ষরকারীরা।

তারা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

স্মারকলিপিতে আরও বলা হয়, গত ৬ জুলাই অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত সদস্যরা নির্বাচন পেছানোর সিদ্ধান্তের বিরোধিতা করেন। ওই সভা থেকেই দাবি আদায়ের লক্ষ্যে ‘প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়।

সদস্যদের দাবি, প্রেসক্লাবের গঠনতন্ত্রে অনিবার্য পরিস্থিতিতে সীমিত সময়ের জন্য মেয়াদ বৃদ্ধির সুযোগ থাকলেও বর্তমানে দেশে বা স্থানীয় পর্যায়ে এমন কোনো পরিস্থিতি নেই, যার কারণে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব নয়। তাই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের কোনো আইনগত বা নৈতিক ভিত্তি নেই বলে তারা উল্লেখ করেন।

স্মারকলিপিতে বর্তমান কমিটির দুই বছরের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সেখানে বলা হয়, একটি লিফট স্থাপন ছাড়া দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এছাড়া ওই লিফটের অর্থায়নও পূর্ববর্তী কমিটির সময় অনুদান হিসেবে নিশ্চিত হয়েছিল বলে দাবি করা হয়।

স্বাক্ষরকারীরা বলেন, প্রেসক্লাব যশোর স্থানীয় সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও গণতান্ত্রিক চর্চার অন্যতম প্রতিষ্ঠান। তাই গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তারা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

নির্ধারিত সময়ে নির্বাচনের দাবি, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

বিস্তারিত কমেন্টে