ফুটবল বিশ্বকাপ ২০২৬কে সামনে রেখে সারা দেশের মতো নাটোরেও ফুটবলপ্রেমীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে শত শত সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে শহরের কানাখালী মাঠ থেকে সমর্থকদের উদ্যোগে শোভাযাত্রাটি বের করা হয়। এতে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জার্সি পরে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
শোভাযাত্রা চলাকালে সমর্থকদের বিভিন্ন স্লোগান, বাঁশি, ঢোল ও সংগীতের তালে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এ সময় পথচারী ও সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আর্জেন্টিনা সমর্থকরা জানান, তারা কোনো দেশের প্রতি বিদ্বেষ থেকে নয়, বরং ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই নিজেদের প্রিয় দলকে সমর্থন করেন। খেলাকে কেন্দ্র করে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিতেই তাদের এ আয়োজন।
সমর্থকরা আরও বলেন, বিশ্বকাপ ফুটবল ২০২৬-এ তাদের প্রিয় দল আর্জেন্টিনা শিরোপা জিতবে—এমন প্রত্যাশাই তাদের। বিশ্বকাপকে ঘিরে আগামী দিনগুলোতেও নানা আয়োজনের মাধ্যমে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ অব্যাহত থাকবে বলেও জানান তারা।