বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | সকাল ৬:০৯:২৭

হঠাৎ লাইভে এসে যা জানালেন মেয়র প্রার্থী ভিপি শাহীন!

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:৫৯
শেয়ার: mail
হঠাৎ লাইভে এসে যা জানালেন মেয়র প্রার্থী ভিপি শাহীন!

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আসন্ন দেবিদ্বার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নিজের প্রার্থিতা নিয়ে ছড়ানো সব ধরনের অপপ্রচার ও গুজব উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় ছাত্রনেতা ও সাবেক যুবদল নেতা রেজাউল করিম (ভিপি শাহীন)।

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ লাইভে এসে তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা দেন, কোনো অপপ্রচারের মুখে তিনি মাঠ ছাড়বেন না এবং আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গত মঙ্গলবার (২ জুন) রাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ভিপি শাহীন তার অবস্থান পরিষ্কার করেন। সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল ‘তিনি নির্বাচন করবেন না’ বা ‘মাঠ থেকে সরে দাঁড়াবেন’—এমন তথ্য ছড়িয়ে পৌরবাসীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছিল বলে অভিযোগ ওঠে।

লাইভে তিনি বলেন, “প্রিয় দেবিদ্বার পৌরবাসী, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমি একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে আছি। কিন্তু ইতোমধ্যে কিছু কুচক্রী মহল বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে যে আমি নির্বাচন করব না, বসে যাব। মূলত এই বিভ্রান্তির অবসান ঘটাতেই আজ আমার লাইভে আসা।”

নিজের রাজনৈতিক সততা ও ত্যাগের কথা উল্লেখ করে ভিপি শাহীন বলেন, “আমার আত্মীয়-স্বজন, গ্রামবাসী, শুভাকাঙ্ক্ষী, নেতাকর্মী এবং দেবিদ্বার পৌরসভার সর্বস্তরের ভাই-বোনদের উদ্দেশে বলতে চাই, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের নানামুখী নির্যাতন, জুলুম ও লোভ-লালসার মুখেও আমি কোনো আপস করিনি। আমার রাজনৈতিক জীবনে সিদ্ধান্ত বা পথ পরিবর্তনের কোনো রেকর্ড নেই। ইনশাআল্লাহ, এবারও আমার সিদ্ধান্তের পরিবর্তন হবে না। আমি নির্বাচন করব।”

তিনি আরও বলেন, “ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আমি আপনাদের পাশে একজন প্রার্থী হিসেবে লড়াইয়ে থাকব। আপনারা কোনো ধরনের বিভ্রান্তিকর অপপ্রচারে কান দেবেন না।”

নির্বাচনী মাঠে সুস্থ প্রতিযোগিতার আহ্বান জানিয়ে সাবেক এই ছাত্রনেতা বলেন, “যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের বলব—আসুন, মাঠে প্রতিযোগিতা করুন। প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটের মাঠে নিজের যোগ্যতা প্রমাণ করুন, অপপ্রচার করে নয়। অপপ্রচার চালিয়ে কেউ কোনোদিন নিজের অবস্থান তৈরি করতে পারেনি।”

তিনি পৌরবাসীর আস্থা অর্জনের মাধ্যমে রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করার পরামর্শও দেন।

উল্লেখ্য, রেজাউল করিম (ভিপি শাহীন) দেবিদ্বারের স্থানীয় রাজনীতিতে অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী একটি মুখ। তিনি কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, দেবিদ্বার উপজেলা যুবদলের সাবেক সভাপতি এবং দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা এই নেতার আকস্মিক লাইভ বক্তব্য এবং নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত থাকার অনড় ঘোষণা দেবিদ্বার পৌর এলাকার সাধারণ ভোটার ও তার সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward