হার্ট সুস্থ রাখতে রান্নার তেল নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে শুধু তেলের পরিমাণ কমানো নয়, বরং সঠিক তেল বেছে নেওয়াও সমান জরুরি।
একসময় বাঙালির রান্নাঘরে সরিষার তেলের ব্যবহারই বেশি ছিল। বর্তমানে স্বাস্থ্য সচেতনতার কারণে অনেকেই রিফাইন্ড তেলের পরিবর্তে অলিভ অয়েল ব্যবহার করছেন। তবে পুষ্টিবিদরা বলছেন, হার্টের স্বাস্থ্যের জন্য কোন তেল বেশি উপকারী হবে তা নির্ভর করে ফ্যাটের ধরন ও রান্নার পদ্ধতির ওপর।
চিকিৎসকদের মতে, সব ধরনের ফ্যাট শরীরের জন্য ক্ষতিকর নয়। রান্নার তেলে ট্রান্স ফ্যাট ও অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাটের পরিবর্তে আনস্যাচুরেটেড ফ্যাট, মনোস্যাচুরেটেড ফ্যাট ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকা বেশি উপকারী।
অলিভ অয়েলে থাকা পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে এবং রক্তনালিতে চর্বি জমা কমায়। তবে এর স্মোক পয়েন্ট কম হওয়ায় উচ্চ তাপে রান্না বা ভাজার ক্ষেত্রে এটি উপযুক্ত নয়, কারণ অতিরিক্ত তাপে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে।
অন্যদিকে সরিষার তেল ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ এবং উচ্চ তাপে রান্নার জন্য তুলনামূলকভাবে উপযোগী। তাই ভাজাভুজি বা কষানো রান্নায় এটি বেশি নিরাপদ হিসেবে বিবেচিত হয়। তবে অতিরিক্ত পরিমাণে ব্যবহার না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
পুষ্টিবিদদের মতে, পরিমিত পরিমাণে সরিষার তেল বা সঠিকভাবে ব্যবহৃত অলিভ অয়েল—উভয়ই হার্টের জন্য উপকারী হতে পারে, যদি তা সুষম খাদ্যাভ্যাসের অংশ হয়।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 























