আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১ জুন) দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, গত মাসে এক দফা জ্বালানি তেলের দাম ৮ থেকে ১২ শতাংশ বা তারও বেশি বাড়ানোর পর আবারও নতুন করে মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর চরম চাপ সৃষ্টি করেছে।
তিনি বলেন, এই মূল্যবৃদ্ধির ফলে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে মানুষের আয় না বাড়ায় এবং বেকারত্ব ও অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাওয়ায় জনগণ আরও চাপে পড়েছে।
বিবৃতিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ এবং চরম ধোঁকাবাজির শামিল।
গোলাম পরওয়ার আরও বলেন, বাজেট অধিবেশনের আগে এ ধরনের সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী এবং দেশের অর্থনীতি ও সামাজিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি যুক্ত হয়ে সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে।
তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী জনগণের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে এবং যেকোনো জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে। পাশাপাশি অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 
















