ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঝিনাইদহে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার পরপরই হামলার ঘটনা ঘটে।
তার ভাষ্য অনুযায়ী, প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, পরে হকিস্টিক দিয়ে আঘাত করা হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন আহত হন বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, তাকেসহ এনসিপির অন্য নেতাদের লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়।
ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, হামলার সময় মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পরে তারা থানায় অবস্থান নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় থানার সামনে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে বলে পোস্টে দাবি করা হয়।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 

























